টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমি–ফাইনালে ওঠার পথই যেখানে কঠিন হয়ে গেছে ভারতের জন্য, সেখানে তাদেরকে ফাইনালে দেখছেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়কের মতে, ‘বিশ্বের সেরা’ দলকে এখনই বাতিলের খাতায় ফেলে দেওয়া হবে বোকামি। বিশ ওভারের বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এই সংস্করণের র্যাঙ্কিংয়ের এক নম্বর দলও তারা। গত বিশ্বকাপের পর থেকে টি–টোয়েন্টিতে অসাধারণ ফর্মে ছিল দলটি। এবারের আসরও শুরু করে দারুণভাবে, অপরাজিত থেকে শেষ করে গ্রুপ পর্ব। কিন্তু সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ে ভারত। আকাশে উড়তে থাকা দলকে যেন মাটিতে নামিয়ে আনে দক্ষিণ আফ্রিকা। ব্যাটে–বলে তাদেরকে পর্যদুস্ত করে প্রোটিয়ারা। আহমেদাবাদে ৭৬ রানের বড় ব্যবধানে হারে ভারত। ১৮৮ রান তাড়ায় ব্যাটিং ধসে গুটিয়ে যায় স্রেফ ১১১ রানে। বিশ্বকাপের ১০ আসর মিলিয়ে যা তাদের সবচেয়ে বাজে হার। টি–টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ পরাজয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারে ভারতের রান রেটেও লেগেছে বড় ধাক্কা। তাতে এক ম্যাচ হেরেই তাদের সেমি–ফাইনালের সম্ভাবনা কঠিন হয়ে গেছে। পরের দুই ম্যাচ জিতলেও তাদেরকে নির্ভর করতে হতে পারে অন্যদের পারফরম্যান্সের ওপর। তবুও ভারতকে নিয়ে আশা ছাড়ছেন না ক্লার্ক। ‘বিয়ন্ড২৩ ক্রিকেট’ পডকাস্টে অস্ট্রেলিয়ান ব্যাটিং গ্রেট বলেন, পরিস্থিতি কিছুটা কঠিন হলেও ফাইনালে খেলবে সুরিয়াকুমার যাদবের দল। ‘আসরের ফেভারিটদের তাদেরই আঙিনায় হারানো দক্ষিণ আফ্রিকার জন্য দারুণ ব্যাপার, অসাধারণ এক জয়। এখন চাপটা ভারতের ওপর এসেছে, তারা কীভাবে চাপ সামলায় সেটা দেখা হবে দারুণ। আমার চোখে এখনও তারা সেরা দল; যে কন্ডিশনে খেলা হচ্ছে সেটা তারা খুব ভালোভাবে চেনে, সেই বিবেচনায়ও বিশ্বের সেরা দল তারা। তাই আমি এখনও তাদেরকেই ফাইনালে দেখছি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর পরিস্থিতি কিছুটা বদলে গেছে।’ ভারতের সেমি–ফাইনালে ওঠার পথে এখন সবচেয়ে বড় বাধা ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবে তারা। ক্লার্কের মতে, শেষ চারে জায়গা করে নেওয়ার নির্ধারক হবে এই ম্যাচটি। ‘আপনি অবশ্যই আশা করবেন জিম্বাবুয়েকে তারা হারাবে। জিম্বাবুয়েকে অসম্মান করছি না, তারা সুপার এইটে জায়গা পাওয়ার যোগ্য, তবে আমার মনে হয় ভারত সহজেই তাদেরকে হারাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ম্যাচটি হবে সবচেয়ে দারুণ। ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে তাদের সেরা ক্রিকেট খেলছে।
তারা আত্মবিশ্বাসে সঙ্গে এগিয়ে যাচ্ছে। তাদের দলটি দারুণ এবং তারা নিজেদের ওপর আস্থা রাখে। আমার মনে হয়, সেই ম্যাচটি নির্ধারণ করে দিতে পারে ওই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা পরের ধাপে যাবে।’ ‘ভারত যদি পরের ধাপে যেতে না পারে ভারতীয় ক্রিকেটের সমর্থক হলে আপনি অবশ্যই রাগে ফুঁসবেন এবং অবাক হবেন। টি–টোয়েন্টি ক্রিকেটে তারা দুর্দান্ত; এই মুহূর্তে বিশ্বের সেরা দল এবং চেনা কন্ডিশনে খেলছে। ভারত যদি সেমি–ফাইনালে উঠতে না পারে, এটা হবে বিশাল ধাক্কা। আমি ভারতকে বাতিলের খাতায় ফেলব না, শুধু সেমি–ফাইনালেই নয় তারা ফাইনালেও খেলবে, এটা না ভাবাই হবে বোকামি।’ সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত।













