হাটহাজারীতে জাল টাকা চক্রের ফাঁদে পড়ে চাঁন মিয়া (৬০) নামে এক অসহায় কৃষক সাড়ে ২২ হাজার টাকা খুঁইয়েছেন। উপজেলা সদরের পৌর এলাকায় গত সোমবার এই ঘটনা ঘটেছে।
জানা যায়, গত সোমবার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খেরুপাড়া এলাকার বৃদ্ধ চাঁন মিয়া তার একমাত্র সম্বল গরু বিক্রয় করে ৬৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুই মোটরসাইকেল আরোহী এই কৃষকের কাছে গিয়ে কিছু টাকা ভাংতি দেওয়ার জন্য অনুরোধ করে। বৃদ্ধ সরল বিশ্বাসে তাদের ৪৫টি ৫শ টাকার নোট দেন। দুই যুবক বৃদ্ধকে ১৭টি ১ হাজার টাকার নোট দিয়ে দ্রুত গাড়ি নিয়ে সটকে পড়ে।
পরে তিনি বাড়িতে গিয়ে স্বজনদের দেখালে তারা জাল নোট সনাক্ত করেন। অসহায় বৃদ্ধ প্রতারিত হয়ে নির্বাক হয়ে পড়েছেন। গতকাল মঙ্গলবার ঘটনার বিষয়টি জানাজানি হলে গণমাধ্যম কর্মীরা ভুক্তভোগীর বাড়িতে গেলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি বলে জানায় হাটহাজারী থানা পুলিশ।













