চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে দিনদুপুরে চা বাগানের ভেতরে এক দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চা বাগান শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও আসন্ন শারদীয় দুর্গোৎসবের বোনাসের ৭ লাখ ২০ হাজার টাকা তুলে ফেরার পথে পঞ্চবটি চা বাগানের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে গুরুতর রক্তাক্ত করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়েছে একদল সশস্ত্র ছিনতাইকারী। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ভূজপুর থানাধীন পঞ্চবটি চা বাগানের ফ্যাক্টরির (কারখানা) কাছাকাছি মূল প্রবেশমুখে এই ঘটনা ঘটে।
ঘটনায় গুরুতর আহত হন পঞ্চবটি চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ বাবু। সে সময় তার সাথে থাকা বাগানের পল্লী চিকিৎসক (ডাক্তার) বাবুল দাশকে মারধর করা হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও উত্তেজিত চা বাগান শ্রমিকরা ধাওয়া করে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করেছে। আটককৃতরা হলেন– পার্শ্ববর্তী এলাকার টিলাপাড়ার বাসিন্দা জিহান (২৪) এবং আবু (২৫)। তবে এই চক্রের বাকি আরও ২ জন সদস্য টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহের ন্যায় এবারও শ্রমিকদের সাপ্তাহিক মজুরি এবং আসন্ন পূজার বোনাস প্রদানের জন্য উপজেলার নারায়নহাট কৃষি ব্যাংক শাখা থেকে ৭ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ বাবু। টাকাগুলো একটি ব্যাগে নিয়ে তারা মোটরবাইক যোগে চা বাগানে ফিরছিলেন। মোটরসাইকেলটি চা বাগানের গেইটের ভেতরে প্রবেশ করে কারখানার (ফ্যাক্টরি) কাছাকাছি পৌঁছালে পূর্ব থেকে গাছের আড়ালে ওঁৎ পেতে থাকা সশস্ত্র ছিনতাইকারীরা আকস্মিক তাদের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে সহকারী ব্যবস্থাপক নেপাল দাশকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং ডাক্তার বাবুল দাশের ওপর হামলা চালায়।
এ সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে চা বাগানের শত শত শ্রমিক ও স্থানীয় জনতা লাঠিসোটা নিয়ে চারপাশ থেকে ছিনতাইকারীদের ধাওয়া করে। একপর্যায়ে তারা ঘেরাও করে জিহান ও আবু নামের দুই ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়।
এদিকে ঘটনার খবর পেয়ে ভূজপুর ও ফটিকছড়ি থানা পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে আটককৃত ছিনতাইকারীদের পুলিশ হেফাজতে নিতে গেলে বাধার মুখে পড়ে তারা। ক্ষুব্ধ চা বাগান শ্রমিকরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ শ্রমিকদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটককৃতদের থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ঘটনার খবর পেয়েই ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। উত্তেজিত চা শ্রমিকদের বাধার মুখ থেকে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। এই চক্রের বাকি আরও ২ জন পলাতক রয়েছে। পলাতক ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান চলছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।











