ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গতকাল ছিল প্রার্থীদের প্রচার–প্রচারণার শেষ দিন। গতকাল শেষ দিনে চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনের ১১৫ প্রার্থী এবং তাদের কর্মী–সমর্থকদের গণমিছিল ও পথসভাগুলো রূপ নেয় ব্যাপক শোডাউনে। গতকাল দুপুরের পর থেকেই প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা। প্রচারণা চলে সন্ধ্যা পর্যন্ত। এসময় প্রার্থীর সমর্থকরা ভোটারদের মন জয়ে প্রার্থীর সমর্থকরা দেন নানান শ্লোগান। সমর্থকদের পরনে ছিল নজরকাড়া টি–শার্ট এবং নারীদের পরনে জন্য লাল–সবুজের শাড়ি। সন্ধ্যায় গণমিছিল ও পথসভা শেষে গুরুত্বপূর্ণ এলাকাসমূহে শেষবারের মতো গণসংযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, গভীর রাত পর্যন্ত চলে গণসংযোগ।
চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে এবার বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এনসিপি, এলডিপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণ ফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, সুপ্রিম পার্টি, বাসদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, নেজামে ইসলাম পার্টিসহ বিভিন্ন দলের এবং স্বতন্ত্র মিলে এখন ১১৫ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
গতকাল প্রচার প্রচারণার শেষদিনে চট্টগ্রাম–১১ বন্দর–পতেঙ্গা আসনের বিএনপি প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দুপুরে নগরের তাঁর মেহেদীবাগের বাসভবনে সংসদীয় আসন চট্টগ্রাম–১১ এর উন্নয়নের ১১ দফা বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর সমর্থনে গতকাল আয়োজিত নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিল ও পথসভায় সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, অধ্যাপক ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, লেয়াকত আলী চৌধুরী, নুরুল আবছার চৌধুরী ও মাওলানা মহি উদ্দীন হেলালীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপসি’ত ছিলেন।
এদিকে হাটহাজারী–বায়েজিদ (চট্টগ্রাম–৫) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের প্রচারণার শেষ দিনে হাটহাজারীতে ব্যাপক জনসমাগম ঘটেছে। জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন।
এদিকে গতকাল সোমবার বিকেলে নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠে চট্টগ্রাম–৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে গণমিছিল পূর্ব জনসভাটি শোডাউনে পরিণত হয়।
চট্টগ্রাম–৯ (বাকলিয়া–কোতোয়ালি) আসনে জামায়াতে ইসলামী ও ১১–দলীয় জোটের মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক তাঁর নির্বাচনী ইশতেহারে চট্টগ্রাম–৯ আসনকে একটি সমৃদ্ধ ও মানবিক নগর গড়ার অঙ্গীকার করেছেন।
এদিকে চট্টগ্রাম–৪ (সীতাকুন্ড ও চসিক ৯–১০ ওয়ার্ড) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থনে গতকাল প্রচারণার শেষদিনে সীতাকুন্ড পৌরসদরে আয়োজিত নির্বাচনী গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে চট্টগ্রাম–১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান গতকাল সোমবার নিজ নির্বাচনী এলাকায় প্রচারণার শেষ দিনে গণসংযোগ ও পথসভা করেছেন। চট্টগ্রাম–৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গতকাল নির্বাচনী প্রচারনার শেষদিনে তার নির্বাচনী এলাকা বোয়ালখালীতে গণসংযোগ–পথসভা ও গণমিছিল করেছেন।












