ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রামে গতকাল এক মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে এক লাখ টাকা করে মোট ১৩টি বৌদ্ধ বিহারে এবং ১১ হাজার টাকা করে মোট ১১টি বৌদ্ধ বিহারে সর্বমোট ১৪ লাখ ২১ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ববি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন সুমনতিস্স মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া এবং বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলার সভাপতি পূরবী বড়ুয়া। অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। চেক গ্রহণ করে অনুভূতি প্রকাশ করেন ড. ধর্মকীর্তি মহাস্থবির, বোধিমিত্র মহাস্থবির, বিদর্শনাচার্য এস. শাসনবংশ মহাথেরো, শীলজ্যোতি স্থবির, রতনপ্রিয় মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি কমলেন্দু বিকাশ বড়ুয়া, অমরেশ চৌধুরী, অশোক তালুকদার, দোলন বড়ুয়া প্রমুখ।
বক্তারা বলেন, বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতে এ ধরনের সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












