বোয়ালখালীতে পৃথক অভিযানে জমির টপসয়েল কাটা, তেলের দাম বেশি রাখা এবং ওষুধের দোকানে অনিয়মের দায়ে এক ব্যক্তি ও ছয় প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১২টা থেকে বিদগ্রাম, পোপাদিয়া, কানুনগোপাড়া, বেঙ্গুরা ও কঞ্জুরী এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। এ সময় পোপাদিয়া এলাকায় জমির টপসয়েল কাটার অপরাধে মো. খোকন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও মাটি কাটার ভেকু জব্দ করা হয়। এছাড়া তেলের দাম বেশি রাখায় কানুনগোপাড়া এলাকার মেসার্স তায়েফ অয়েল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। এ সময় ফিজিশিয়ান স্যাম্পল রাখা, অনিবন্ধিত ও নিষিদ্ধ ওষুধ রাখা এবং যথাযথভাবে রেফ্রিজারেটরে ওষুধ সংরক্ষণ না করার অপরাধে পাঁচটি ফার্মেসিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সেবা ফার্মেসীকে ৩০ হাজার এবং মা ফার্মেসী, শ্যামা ফার্মেসী, পপুলার ফার্মেসী ও নিরাময় ফার্মেসীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, জেলা প্রশাসনের কঠোর নির্দেশে বুধবার সারারাত অভিযান চালিয়ে মাটি কাটার ভেকু জব্দ ও জড়িত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এছাড়া তেলের দাম বেশি রাখা এবং ওষুধের দোকানে বিভিন্ন অনিয়মের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













