বোয়ালখালীতে শান্তিপূর্ণভাবে শেষ হল ভোটগ্রহণ

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের বোয়ালখালী উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ হয়েছে। দিনভর কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও র‌্যাব সদস্য মোতায়েন ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক তদারকি করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়নি। ভোটারদের সহযোগিতায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হয়েছে।

এদিকে প্রার্থীরা ফলাফলের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটাররা নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক দিক।

এই আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ধানের শীষ প্রতীকে এরশাদ উল্লাহ্‌, মোমবাতি প্রতীকে সৈয়দ মুহাম্মদ হাসান, দাঁড়িপাল্লা প্রতীকে মো. আবু নাছের, শাপলা কলি প্রতীকে মো. জোবাইরুল হাসান আরিফ, আপেল প্রতীকে মোহাম্মদ এমদাদুল হক ও হাত পাখা প্রতীকে মোহাম্মদ নুরুল আলম ভোটের মাঠে ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন ঘিরে চট্টগ্রামে রেড ক্রিসেন্টের জরুরি প্রস্তুতি, মাঠে বিশেষায়িত দল
পরবর্তী নিবন্ধভোট কেন্দ্রে এসে ভাই হত্যার বিচার চাইলেন ওসমান হাদির বোন