বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর নাম করে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমতিয়াজ ওই এলাকার শওকত হাবিবের ছেলে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক প্রায় দেড় বছর ধরে তার বাড়িতে পড়তে আসা শিশুদের ওপর শারীরিক ও যৌন নিপীড়ন চালিয়ে আসছিল। ভুক্তভোগীদের মধ্যে ১০ বছরের কম বয়সী তিন কন্যা শিশু ও এক ছেলে শিশু রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেট পড়ানোর সময় শিশুদের সঙ্গে অনৈতিক আচরণ করতেন অভিযুক্ত শিক্ষক এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখাতেন। সমপ্রতি শিশুরা শারীরিক অসুস্থতা ও যন্ত্রণার কথা অভিভাবকদের জানালে বিষয়টি প্রকাশ পায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমতিয়াজ শিশুদের ওপর নিপীড়ন চালানোর কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, ভুক্তভোগী শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত চলছে বলে জানান ওসি।












