বোয়ালখালীতে নিখোঁজের দুইদিন পর খাল থেকে কর্মচারীর লাশ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:১৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে নিখোঁজের দুইদিন পর খাল থেকে মো: আলী জহুর (২৫) নামের এক কর্মচারির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় রায়খালী খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি সরোয়ার অকো ব্রিকের একজন কর্মচারী ছিলেন। নিহত মো: আলী টেকনাফ উপজেলা ২৪নং ক্যাম্পের বাসিন্দা মো. মোস্তাক আহমেদের ছেলে। তার সাথে থাকা এক কর্মচারি বলেন, গত শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে আমরা দুইজন মিলে ইটের মধ্যে পানি দিচ্ছিলাম। প্রায় ৪০ মিনিট পর্যন্ত পানি দিয়েছিলাম। পরে আলী আমাকে বলেন যে তুমি সুইচ বন্ধ করে আসো। আমি মোটর তুলতেছি। সুইচ বন্ধ করে আবার সেদিকে গেলে আলী জহুরকে আর দেখা পাওয়া যায়নি। পরে অন্যান্য কর্মচারিদের ডেকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে সোমবার সন্ধ্যায় খালে তার লাশ দেখা গেলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফজুর রহমান বলেন, সরোয়ার অকো ব্রিকের পাশেই ছিল খাল। কাজ করার সময় সে খালে পড়ে যায়। জোয়ারের পানি বেশি থাকায় সে আর উঠতে পারেনি। লোকজন অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা খালে একটি জাল বেঁধে দেন। সে জালে তার লাশ আটকে গেলে আমরা উদ্ধার করতে সক্ষম হই। খালে পড়ে যাওয়ার ঘটনাটি সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি। ময়না তদন্তের জন্য তাকে মর্গে না পাঠিয়ে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকিছু মানুষ বন্দর বিক্রি করে কপাল বানিয়েছে, এই সুযোগ আর দেওয়া হবে না
পরবর্তী নিবন্ধরাউজানে ৪ ভেকু জব্দ, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা