বোলিংয়ে ফিরেছেন নাহিদ রানা

| মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১৮ পূর্বাহ্ণ

ইনজুরির কারণে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকার পর আবারও বোলিং শুরু করেছেন বাংলাদেশ পেসার নাহিদ রানা। গতকাল মিরপুর একাডেমি মাঠে জাতীয় দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের ও দলের ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে ছোট রানআপ নিয়ে বোলিং করেন রানা। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালীন ইনজুরিতে পড়েন ২৩ বছর বয়সী রানা। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি।জাপানের নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টে রানার খেলার সম্ভাবনা কম। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে রানা পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন বলে আশাবাদী নির্বাচকরা। আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার সূচি রয়েছে বাংলাদেশের। জিম্বাবুয়ে যদি অংশগ্রহণে সম্মত হয়, তাহলে ওয়ানডে সিরিজের পরিবর্তে ত্রিদেশীয় টুর্নামেন্ট হতে পারে। ধারণা করা হচ্ছে, ফিটনেস ও দলের প্রয়োজনের ওপর ভিত্তি করে আফগানিস্তান সিরিজে যেকোনো ফরম্যাটে রানাকে বিবেচনা করা হতে পারে। রানাকে মাঠে ফেরাতে তাড়াহুড়ো করতে চায় না বিসিবি। অক্টোবরের আগেই রানা পূর্ণাঙ্গ ম্যাচ ফিটনেস ফিরে পাবেন বলে আশা করছে বোর্ড।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ খেলোয়াড় সমিতি গঠন
পরবর্তী নিবন্ধএশিয়ান গেমসে সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে লড়াইয়ের প্রত্যয় মারিয়াদের