বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় অবৈধভাবে মাটি কাটায় ১ ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা, ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ।
বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন এবং থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২৯ মার্চ রাতে এ জরিমানা করা হয় বলে থানা
সূত্রে গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানান । স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া
এলাকায় আদর্শ গ্রাম খালের উভয় পাশে প্রাকৃতিক প্রবাহপথ বন্ধ করে খালের স্বাভাবিক পানিপ্রবাহ রুদ্ধপূর্বক খালপাড়ের সরকারি জমি হতে অবৈধভাবে মাটি কেটে মৎস্য প্রকল্প করছিল চেচুরিয়া ৮নং ওয়ার্ড এলাকার মো. শফিকুর রহমান (৫০) ।
এ খবরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন এবং থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ টিম মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানকালে সরেজমিনে দেখা যায় যে, বৈলছড়ি ইউপিস্থ চেচুরিয়া ৮নং ওয়ার্ড এলাকার শফিকুর রহমান (৫০) এস্কলেভেটর ব্যবহার করে খালের দুইটি স্বাভাবিক গতিপথ সম্পূর্ণরূপে বন্ধ করে খালের উভয় পাশের মুখ অবরুদ্ধ করে সরকারি জমি হতে অবৈধভাবে মাটি কেটে মৎস্য প্রকল্পের কার্যক্রম করে। যা পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এ অপরাধে তাকে দোষী সাব্যস্ত করে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং একইসঙ্গে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে অবৈধ কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হয় এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালের উভয় পাশের অবরুদ্ধ মুখ অপসারণপূর্বক খালের স্বাভাবিক পানি চলাচল পুনরায় চালু করার জন্য পদক্ষেপ নেন। অবৈধভাবে মাটি কাটা ও অনুমোদনবিহীন বালু উত্তোলনসহ যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।











