বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্বভার গ্রহণ করেছেন ১৩তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা যুগ্ম সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার পারভেজ। তিনি গতকাল রোববার সকালে বিদায়ী মহাপরিচালক শফিকুর রহমানের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এসময় এ সমুদ্র গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের রামুর পেঁচারদ্বীপে অবস্থিত জাতীয় সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক (ডিজি) পদে প্রথমবারের মতো একজন সমুদ্র বিজ্ঞানী দায়িত্ব পেলেন। এরআগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে এ পদে নিযুক্ত করা হত। নতুন মহাপরিচালক (ডিজি) সাঈদ মাহমুদ বেলাল হায়দার পারভেজ চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের ছাত্র। এবং সামুদ্রিক বিজ্ঞান ইন্সটিটিউট থেকে মাস্টার্সে ১ম শ্রেণীতে ১ম স্থান অর্জন করেন।
তিনি কঙবাজার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চকরিয়া ও টেকনাফ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করেন। ১৯৮৮-৮৯ সালে প্রখ্যাত সমুদ্র বিজ্ঞানী মরহুম ড. নূরউদ্দিন মাহমুদের তত্ত্বাবধানে সেন্টমার্টিন দ্বীপের প্রবালের উপর দেশে সর্বপ্রথম গবেষণা করেন।










