বিয়ের প্রলোভনে কিশোরীকে আটকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ২

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৮:১৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ২ নং হোছনাবাদ ইউনিয়নের খিল মোগল এলাকার মো. ইয়াকুব নবী (৩৭) এবং ১ নং রাজানগর ইউনিয়নের হালিমপুর এলাকার বিলকিস আক্তার (২৭)

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে গত ২০ জুলাই রাঙ্গুনিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়, অভিযুক্তরা বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে চট্টগ্রাম শহরে নিয়ে যান। সেখানে কয়েক দিন আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জহির উদ্দিন বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুঁড়ে মারা সেই বিচারককে বদলি
পরবর্তী নিবন্ধওষুধের ফ্রিজে মাংস, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য