সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মৌসুমী। কিছু দিন আগে গুঞ্জন চাউর হয়, অভিনয়শিল্পী ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন তিনি! যদিও এ অভিনেতা বিষয়টিকে ‘মিথ্যা’ বলে দাবি করেন। খবর বাংলানিউজের।
বিয়ের গুঞ্জন নিয়ে হাসান জাহাঙ্গীর কথা বললেও নীরব ছিলেন মৌসুমী। অবশেষে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা। মৌসুমী বলেন, এ ধরনের প্রোপাগান্ডা নিয়ে কী বলব। যে কথা বলিই না কেন, মিথ্যা খবরটাই মানুষের কাছে মুখরোচক মনে হবে। তার কথায়, এ ধরনের প্রোপাগান্ডা আমার কাছে খুবই বিরক্ত লাগে, এসব নিয়ে কথা বলাটাও এক রকম মূল্যহীন মনে হয়। আমি তো এসব নিয়ে কোনো ধরনের পাবলিসিটি চাচ্ছি না। যার দরকার সে হয়তো এটা নিয়ে কথা বলছে, বলুক।
কিছু মানুষ রয়েছেন, যারা বানিয়ে বানিয়ে গল্প বলে মজা পায় বলে মনে করেন মৌসুমী। তার মতে, জগতে কিছু নিন্দুক থাকবে, তারা মানুষকে নিয়ে বানিয়ে বানিয়ে গল্প বলে মজা পায়, তারা এসব গল্প বলতেই থাকবে। এ ধরনের মানুষ এখন ভিউ চায়, সবার একটু মনোযোগ চায়, তারা কোনো কিছু না জেনে মিথ্যাকে সত্য বানিয়ে রংচং মিশিয়ে উপস্থাপন করে ফেসবুকে। শিল্পী ও পরিচিত মানুষদের নাম ব্যবহার করে এসব বিষয়ে ভিডিও বানালে বা পোস্ট করলে ফেসবুকে রিচ বাড়ে, ইউটিউবে ভিউ হয় বেশি।












