বিয়ের আলো জ্বালাতে গিয়ে নিভল ডেকোরেশন কর্মীর প্রাণ

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

বিয়ের বাড়িতে তখন চলছিল আলোকসজ্জার শেষ মুহূর্তের কাজ। নতুন জীবনের আনন্দঘন আয়োজনকে আরও ঝলমলে করতে ব্যস্ত ছিলেন ডেকোরেশনকর্মী সাইফুল ইসলাম (২৫)। কিন্তু সেই আলো জ্বালাতে গিয়েই বিদ্যুতের ছোবলে নিভে গেল তার জীবন। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের নুন্যারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল মগনামা ইউনিয়নের মিয়াজিপাড়া এলাকার বাসিন্দা এবং ডেকোরেশন ব্যবসায়ী নুরুল আবছারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নুন্যারপাড়ার ওসমানের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বাড়ির আলোকসজ্জার কাজে অন্যদের সঙ্গে ব্যস্ত ছিলেন সাইফুল। একপর্যায়ে বৈদ্যুতিক ওয়্যারিং লাইনে ত্রুটি দেখা দিলে তা ঠিক করতে যান তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন সাইফুল। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাইফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই বদলে যায় বিয়েবাড়ির পরিবেশ। যে বাড়িতে চলছিল আনন্দউৎসবের প্রস্তুতি, সেখানেই নেমে আসে শোকের ছায়া। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়েবাড়িতে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ডেকোরেশনকর্মীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে পালসার জিমখানা ‘গো ফর গোল্ড’ রাইডিং ক্যাম্প শুরু করল উত্তরা মোটর্স
পরবর্তী নিবন্ধসৌদি সফরে নৌবাহিনী প্রধান