বিসিবির মেডিকেল বিভাগ ঢেলে সাজানোর পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৬:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডবিসিবি এবার নিজেদের মেডিকেল বিভাগকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে। চাহিদা মেটাতে না পারা মেডিকেল বিভাগকে ঢেলে সাজানোর উদ্যোগ প্রসঙ্গে এই বিভাগের প্রধান সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, নিজেদের মেডিকেল বিভাগকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং সুযোগসুবিধা যতটা সম্ভব বাড়াতে চান তারা। বিসিবির মেডিকেল বিভাগে ছোটখাটো শারীরিক পরীক্ষানিরীক্ষা কিংবা জরুরি কোনো চিকিৎসার সুযোগ নেই। অ্যাম্বুলেন্স সুবিধা মেলে কেবল ম্যাচ ও আনুষ্ঠানিক অনুশীলনের সময়। অন্য দিনগুলোতে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা ক্রিকেটারদের সাহায্য করার জন্য নেই কোনো পুনর্বাসন সেন্টার। মাত্র দুই জন চিকিৎসক নিয়ে চলছে এই বিভাগের কার্যক্রম। মেডিকেল কমিটির সভা শেষে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন এই বিভাগের প্রধান শামীম। নিজেদের পরিকল্পনা সম্পর্কে বলেন,‘ একাডেমি ভবনে মেডিককেল বিভাগের জন্য প্রায় তিন হাজার স্কয়ার ফিট জায়গা বরাদ্দ দেওয়া আছে। সেখানে আমরা কী করতে পারি, সেটা নিয়ে আমরা আলাপআলোচনা করেছি। একটা পরিকল্পনাও করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। এখানে আমাদের চিকিৎসক সংখ্যা কম। চিকিৎসক সংখ্যা বাড়াতে হবে। সবচেয়ে বড় সমস্যা ইমার্জেন্সির কোনো ব্যবস্থা নেই। আমরা ইমার্জেন্সি মেডিকেল ইউনিট, তারপরে ওপিডি, পুনর্বাসন ইউনিট, অবজারভেশন তারপরে মানে ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা করছি। শর্ট টার্মে কী কী আমরা করতে পারি এরকম করে, আমরা আলোচনা করেছি। প্রত্যেকটা জায়গা একেবারে অত্যাধুনিক হবে। আমরা মানের দিক থেকে কোন ছাড় দেব না।’ তবে এসবের আগে একটা অ্যাম্বুলেন্স কিনতে চান এই চিকিৎসক, ‘আমরা দ্রুত একটা অ্যাম্বুলেন্সের পরিকল্পনা করছি।’

অন্য কোনো ভেন্যুতে বিসিবির মেডিকেল সুবিধা না থাকায় চোট সংক্রান্ত যে কোনো সমস্যায় ক্রিকেটারদের ঢাকায় আসতে হয়। বিভিন্ন ভেন্যুতে চিকিৎসা নিশ্চিত করতে চান শামীম। ‘আমরা আঞ্চলিকভাবেও চিন্তা করেছি। পাঁচটা ভেন্যু আছে আমাদের, ওখানে একজন করে ডাক্তার, ফিজিও ও ট্রেনারএরকম নিয়োগ করা যায় কিনা, সেটা নিয়েও আমরা চিন্তাভাবনা করছি। স্পোর্টস মেডিসিন যদি ঠিকমতো গড়ে তুলি, তাহলে ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য যা যা খেলা আছে, সব খেলার মানুষজনই উপকৃত হবে।’ চোট পাওয়া ক্রিকেটারদের চিকিৎসা দেশেই করানোর মতো পর্যায়ে বিসিবি মেডিকেল বিভাগকে নিয়ে যেতে চান অধ্যাপক শামীম। ‘আমরা ক্রিকেট বোর্ডের সবার সহায়তায় মেডিকেল ইউনিটকে আন্তর্জাতিক মানের এবং এর চেয়ে ভালো করে তৈরি করতে পারব। যে পরিকল্পনা করছি, তাতে বিদেশ থেকে বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে, আমাদের বাইরে যেতে হবে না। এটা আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি।’

পূর্ববর্তী নিবন্ধসিনিয়রস ক্লাবে প্রেসিডেন্ট’স কাপ স্নুকার, পুল, টিটি ক্যারম ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ