গত ৮ মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন তামিম ইকবালসহ ঢাকার শীর্ষস্থানীয় ৫০টি ক্লাবের কর্মকর্তারা। ওই অভিযোগ দায়েরের দুই দিনের মাথায় স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবি নির্বাচনে অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠায় সেগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা ও তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় কমিটিটি গঠন করা হয়। পাঁচ সদস্যের এই তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে। কমিটির অন্য সদস্যরা হলেন– যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া–১) মো. সেলিম ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সালেহ আকতার সম্রাট। কমিটিকে বিসিবি নির্বাচন ২০২৫–এ অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগগুলো তদন্ত করতে বলা হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য ও নথিপত্র সংগ্রহের পাশাপাশি তাদের বক্তব্যও গ্রহণ করতে পারবে কমিটি। এ ছাড়া নির্বাচনী প্রক্রিয়া বিসিবির গঠনতন্ত্র এবং প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী হয়েছে কি না, সেই বিষয়টিও যাচাই করবে তারা। অভিযোগের ভিত্তিতে কোনো অনিয়ম বা বিধিবহির্ভূত কার্যক্রম ঘটেছে কি না তাও খতিয়ে দেখা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দিতে হবে।










