বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বিষয়ভিত্তিক তালিকায় টানা চতুর্থবারের মতো স্থান করে নিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ। সমপ্রতি প্রকাশিত ২০২৬ সালের র্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের সেরা ১৭৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুয়েটের এই বিভাগটি ১৫৫তম অবস্থানে রয়েছে।
এ সম্পর্কে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, পিএমই বিভাগের এই স্বীকৃতি চুয়েটের চলমান শিক্ষা–গবেষণার অগ্রযাত্রার অন্যতম উদাহরণ। আমরা চুয়েটে বিশ্বমানের শিক্ষা–গবেষণা নিশ্চিত করতে নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সীমিত বাজেট ও নানা প্রতিকূলতার মধ্যেও আমরা সফলতা পাচ্ছি। সকলের সহযোগিতায় বিদ্যমান শিক্ষা–গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে, সকল ধরনের অস্থিরতা মুক্ত ক্যাম্পাসের মর্যাদা বজায় রেখে চুয়েটের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক–এই কামনা করছি। আমি পিএমই বিভাগের এই উত্তরোত্তর অর্জনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, চুয়েট পিএমই বিভাগের এই অর্জন অত্যন্ত গর্বের, তবে আমাদের লক্ষ্য অনেক দূরে। শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় বিভাগটি গবেষণা ও একাডেমিক উৎকর্ষতার ধারাবাহিক অগ্রগতি বজায় রেখে আমরা লক্ষ্য পূরণ করবো। তিনি আরও জানান, ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং নতুন পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, বিষয়ভিত্তিক এই র্যাঙ্কিংয়ের ২০২৬ সংস্করণে পাঁচটি বিস্তৃত বিষয়ের আওতায় মোট ৫৫টি পৃথক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের তালিকায় বিশ্বের ১,৯০০ এরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে, যার মধ্যে ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












