বিশেষ চাহিদা সম্পন্ন ইমরানের পাশে সাঈদ আল নোমান এমপি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১২:১৬ অপরাহ্ণ

নগরের হালিশহরের বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ইমরান। কথা বলতে পারেন না। স্বাভাবিকভাবে চলাচলের সক্ষমতাও নেই তার। তাকে নিয়ে কষ্টের যেন শেষ নেই মা কুলসুম বেগমের। মুঠোফোনে একটি ক্ষুদে বার্তার মাধ্যমে ইমরানের খবর জানতে পারেন চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। এরপর গত মঙ্গলবার দিবাগত রাতে ইমরানের বাসায় ছুটে যান তিনি। ইমরানের চলাচল সহজতর করতে তাকে উপহার দেন একটি হুইল চেয়ার।

সাঈদ আল নোমান বলেন, হালিশহরের আদরের অবুঝ সন্তানটির কষ্ট কিছুটা লাঘব করার ছোট্ট প্রয়াস হিসেবে আজ আমি একটি হুইলচেয়ার উপহার দিতে পেরেছি। তার মায়ের অসহায় আবেদন আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। সামান্য এই উদ্যোগের মাধ্যমে যদি শিশুটির চলাফেরা কিছুটা সহজ হয় ও তার জীবনে একটু স্বস্তি আসে, সেটাই আমাদের জন্য বড় প্রাপ্তি। তিনি বলেন, অনেক সময় আল্লাহ যাদের কিছু কম দেন, তাদের হৃদয়ে তিনি অন্য রকম শক্তি ও ধৈর্য দিয়ে দেন। ইমরানের মধ্যেও সেই শক্তিটা আমি দেখেছি।

সাঈদ আল নোমান বলেন, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের প্রত্যেককে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব। তাদের অবহেলার চোখে নয়, সমান মর্যাদা ও ভালোবাসা দিয়ে দেখতে হবে। একটি সহানুভূতিশীল সমাজই পারে সবার জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে। হুইল চেয়ার দেয়ার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল, নান্নু চৌধুরী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, স্বেচ্ছাসেবক আহবায়ক মো. তারেক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

পূর্ববর্তী নিবন্ধকেন্দ্রীয় ঈদ জামাত কমিটির বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধদরবারে বারিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল