বিরোধ বাবার সঙ্গে, আছাড় মেরে ৬ বছরের ছেলেকে হত্যা

সন্দ্বীপের ঘটনা, অভিযুক্ত আটক

সন্দ্বীপ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৫৭ পূর্বাহ্ণ

সন্দ্বীপে এক ব্যক্তির সাথে বিরোধের জেরে তার ৬ বছরের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে (৪৫) আটক করেছে সন্দ্বীপ থানা। নিহত শিশুর নাম আলী হোসেন। সে স্থানীয় বাশারুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং মগধরা ইউনিয়নের বাসিন্দা আবু তাহেরের ছেলে।

শুভ রানী নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি বাজার থেকে আসার সময় দেখেন রাস্তার মধ্যে শিশু আলীর কোমর ধরে পর পর তিনবার আছাড় মারেন জাহাঙ্গীর। পারিবারিক বিরোধের জের ধরে শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় প্রতিবেশী জাহাঙ্গীর আলম তার ওপর অতর্কিত হামলা চালান। এতে আলীর মাথায় গুরুতর আঘাত লাগে এবং মুখ ও কান দিয়ে রক্ত বের হতে থাকে। তখন শুভ রানী চিৎকার চেচামেচি করে আশপাশের লোকজন ডাকেন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা শিশুটিকে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। তবে সন্দ্বীপ চ্যানেল পার হওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধভারতে পালানোর সময় রাউজানের আওয়ামী লীগ নেতা ইরফান গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকীভাবে বুঝবেন ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া হয়েছে