বিভাগীয়,জেলা,উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির মেয়াদ পুনরায় বৃদ্ধি

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১৬ পূর্বাহ্ণ

দেশের বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রীড়া সংস্থা সমূহের অ্যাডহক কমিটির পূর্বের মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে। কিন্তু গত মেয়াদে নির্বাচন অনুষ্ঠানের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা অর্জিত হয়নি। বাস্তব অবস্থার প্রেক্ষিতে উপরোক্ত সংস্থা সমূহের বর্তমান অ্যাডহক কমিটির মেয়াদ আবারো তিন মাস বৃদ্ধি করা হয়েছে। গত ২৭ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এনডিসি নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক স্মারক পত্রে বলা হয়, স্থানীয় ক্রীড়া সংস্থার জন্য নির্ধারিত গঠনতন্ত্রের আলোকে এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতার আলোকে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব হলো ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত করা এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা। ইতোমধ্যে বেশ কয়েকটি জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

গঠনতন্ত্রের বিধানাবলী অনুসরণে নির্বাচন কার্যক্রম সম্পন্নের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা এবং উপজেলা ক্রীড়া সংস্থার গঠিত অ্যাডহক কমিটির মেয়াদ অত্র আদেশ জারির তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) মাসের জন্য মেয়াদ বৃদ্ধির সম্মতি জ্ঞাপন করেছেন।

এমতাবস্থায়, স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের নির্ধারিত পদ্ধতি অনুসরণে আগামী ০৩(তিন) মাসের মধ্যে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রীড়া সংস্থাসমূহের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হয়। ইতিমধ্যেই এ স্মারকপত্রের কপি সংশ্লিষ্ট অফিসসমূহে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দিন বল হাতে ব্যর্থ বাংলাদেশ ‘এ’ দল
পরবর্তী নিবন্ধক্রীড়া সংগঠক সালাহউদ্দিন জাহেদের সংবর্ধনা