কাজরীর কালো মেঘে নদী পাহাড়ে
ঝিরঝির বৃষ্টি নামে কখনো অঝোরে
পাথুরে পাহাড়ি ঢালে ভৈরবী সুর
একফালি কাঁচা রোদে রাতঘুম ভোর
অযতনে আনত লাল গোলাপের ঝাড়
জানালার পাশে পথ নদী হয়ে যায়।
পাহাড়ের খাঁজে মেঘ আড়াল করে
নির্জন দুপুরে নীল আকাশখানি ডাকে
ছুঁয়ে যায় স্মৃতির ললিত ঝরোকায়
ঝিনুক কুড়ানো রোদেলা বিকেল।
মেঘে ঢাকা রাতে তারার আকাশ
ঘন অন্ধকার চিরে গর্জন তোলে
দূরাগত ট্রেনের হুইসেলের নিনাদ
ডুবে যায় অবান্তর সমান্তরাল।







