মিয়ানমারে পাচারের জন্য নেওয়ার সময় দুটি বোট, বিপুল পরিমাণ সিমেন্ট ও সারসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন একটি এলাকায় গত বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম থেকে মিয়ানমারে সার, ডিজেল, সিমেন্ট ও ওষুধসহ বিভিন্ন পণ্য পাচার বেড়েছে। কোস্ট গার্ড পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সীতাকুণ্ড থানাধীন সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক ১টি ফিশিং বোট ও ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বোঝাই করা প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকার ২৪০ বস্তা সিমেন্ট, ৩৮০ বস্তা সার ও পাচার কাজে ব্যবহৃত দুটি বোট জব্দসহ ১০ পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা পণ্য, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।












