বিদ্যুৎ নিয়ে ‘সমালোচনা’ ও মাদক সংশ্লিষ্টতায় রাঙামাটিতে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

রাঙামাটিতে দুইদিনে পৃথক অভিযোগে কলেজ ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। ১ সেপ্টেম্বর রাতে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি ও ২ সেপ্টেম্বর বিকেলে প্রচার সম্পাদককে বহিষ্কার করে জেলা ছাত্রদল।

বহিষ্কারাদেশ পাওয়া ছাত্রদল নেতারা হলেনরাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি আবু আবরার আলভী এবং প্রচার সম্পাদক আরিফুল ইসলাম। এরমধ্যে আবু আবরার আলভী বিদ্যুৎ নিয়ে সমালোচনার অভিযোগে বহিষ্কার হন। আর আরিফুল ইসলাম মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে পুলিশের হাতে গ্রেপ্তারের পর বহিষ্কার হন।

মঙ্গল ও বুধবারের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদল জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙামাটি পার্বত্য জেলার অধীনস্থ রাঙামাটি সরকারি কলেজ শাখার সহসভাপতি আবু আবরার আলভী এবং প্রচার সম্পাদক আরিফুল ইসলামকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদল রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এদিকে, বিদ্যুৎ নিয়ে সমলোচনার জেরে বহিষ্কৃত হয়েছেন বলে অভিযোগ করেছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি আবু আবরার আলভী। তিনি বলেন, ‘বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা রেখেই আমি মনে করি, জনদুর্ভোগের বিষয়গুলো নিয়ে আমাদের আত্মসমালোচনার জায়গাটিও থাকতে হবে। আমি গতকাল (মঙ্গলবার) সংগঠনের কাছে লিখিতভাবে কারণ দর্শানো নোটিসের লিখিত জবাব দিয়েছি। তবুও রাত ১০টার দিকে আমাকে বহিষ্কার করা হলো। তিনি বলেন, আমি আন্তরিকভাবে দলের কাছে লিখিতভাবে দুঃখ প্রকাশ করেছি। তবুও রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে আমার সঙ্গে এমনটি হলো।’

এদিকে, বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে মাদক কারবারি, মাদকসেবী ও জিআর পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তারের তথ্য জানায়। এরপর রাঙামাটির কোতোয়ালী থানার জিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হওয়ায় কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো. আরিফুল ইসলামকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, গ্রেপ্তার মো. আরিফুর রহমান মাদক মামলায় পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসব প্রসঙ্গে জানতে চাইলে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুর্নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে দুইজনকে বহিষ্কার করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধছিনতাই-চাঁদাবাজি নিয়ে সংসদে ক্ষোভ, বিশেষ অভিযানের দাবি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে উপজেলা-পৌরসভা-ইউপি ও চসিক নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ