গাজীপুরের টঙ্গীতে মিছিলের জন্য আনা গ্যাসবেলুন বিস্ফোরণে আহত হয়েছেন বিএনপির বেশ কয়েকজন কর্মী–সমর্থক। এর মধ্যে ২১ জনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
পুলিশের টঙ্গী জোনের সহকারী কমিশনার মাহিদুল হাসান জানান, গাজীপুর–২ আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির গণমিছিলে যোগ দিতে টঙ্গীবাজার বাটাগেট এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। সেখানে দুপুর আড়াইটার দিকে গণমিছিল শুরু হওয়ার আগেই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। খবর বিডিনিউজের।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রার্থী সেখানে পৌঁছানোর আগেই তাদের আনা গ্যাসবেলুন বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হন।
এদিকে সন্ধ্যায় দগ্ধ ২১ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনার কথা জানান প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।












