জাতীয় কাউন্সিল করতে বিএনপির আরও কয়েক মাস সময় লাগবে। এর আগে দলের সাংগঠনিক কর্মকাণ্ড বাড়ানোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পরে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। এদিন রাত ৮টা ৪০ মিনিটে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। চলে আড়াই ঘণ্টা। এতে দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও জাতীয় কাউন্সিলের বিষয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হওয়ার কথা বলেছেন নেতারা। সরকার গঠনের পর এটি বিএনপির স্থায়ী কমিটির প্রথম বৈঠক। খবর বিডিনিউজের।
নির্বাচনের মাস খানেক আগে গত ৯ জানুয়ারি গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সবশেষ বৈঠক হয়। গতরাতের বৈঠক শেষে মহাসচিব বলেন, ‘আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করে ভবিষ্যতে কীভাবে দলকে দ্রুত কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা মনে করি যে, খুব দ্রুতই চেষ্টা করব দলকে কাউন্সিলের দিকে যাওয়ার জন্য।’
কাউন্সিল কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, এ জন্য অন্তত কয়েক মাস সময় লাগবে। এরপর ঠিক করতে হবে কাউন্সিলের সময়। বিএনপির সবশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয় ২০১৬ সালের ১৯ মার্চ।














