বিএনপির অনেকেই ‘তলে তলে’ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে– আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন কথার জবাব দিলেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন, তার দল নির্বাচন করতে চায়, তবে সেই নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নয়। খবর বিডিনিউজের।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় নজরুল বলেন, ‘আরও অনেক লোক কেন? আমরা সবাই তো নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তবে এই সরকারের অধীনে না, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।’ তাছাড়া কোনো ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত এখনও দলের রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই সরকারের অধীনে আমরা তো ইউনিয়ন পরিষদের নির্বাচনেও অংশগ্রহণ করি নাই। এই যে ক’দিন আগে কয়েকটা সিটি করপোরেশন নির্বাচন গেল বিএনপির কি কেউ অংশগ্রহণ করছে? দুই–একজন যারা কোনো বিশেষ কারণে অংশগ্রহণ করেছেন, আমরা তাদেরকে বহিষ্কার করে দিয়েছি।’












