বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী স্মরণে গত সোমবার এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যবস্থাপনা পরিচালক (অতি. দায়িত্ব) অরুন কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিএইচবিএফসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, পরিচালক নীলুফার আহমেদ, প্রফেসর ড. হুমায়ুন কবীর চৌধুরী, তপন কুমার ঘোষ, বিএইচবিএফসি’র প্রাক্তন উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রয়াত ব্যবস্থাপনা পরিচালকের পরিবারের সদস্য, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। স্মরণ সভায় প্রধান অতিথি আসাদুল ইসলাম বলেন, প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী একজন মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি ছিলেন। সর্বস্তরের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে তিনি প্রযুক্তিকে যথোপযুক্তভাবে ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন। ফাইনান্সিয়াল টেকনোলজি বিষয়ে তার অগাধ জ্ঞান ছিল, যা বর্তমান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টপ ম্যানেজমেন্ট এর মধ্যে বিরল।
তিনি দেবাশীষ চক্রবর্ত্তী এবং তার ছোট ছেলে নীলাঞ্জন চক্রবর্ত্তী দূর্জয়ের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাদের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানান। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার নিগার সুলতানা মিতু। সভায় বিএইচবিএফসি’র সদর দপ্তর ও মাঠ পর্যায়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।










