রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন একটি ভবন থেকে লোহার রড পড়ে সিদরাতুল মুনতাহা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দ বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার দিনগত রাত ১টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুনতাহা স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহর মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাদ্রাসা থেকে ছুটি শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল মুনতাহা। বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি তিনতলা ভবনের নির্মাণকাজ চলছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভবনের ওপরের তলায় কাজ করার সময় একটি ভারী লোহার রড নিচে পড়ে শিশুটির মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল সোমবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, নির্মাণকাজে যথাযথ নিরাপত্তাব্যবস্থা ছিল না। তবে এ বিষয়ে ভবন মালিক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত সপ্তাহে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী লক্ষীরখীল এলাকায় রাস্তার পাশের একটি গাছ কাটার সময় সেটি চলন্ত মোটরসাইকেলের ওপর পড়ে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হন। স্থানীয় সূত্র বলছে, ওই কাজেও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না।
এ দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে কি না–তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানার কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। রাঙ্গুনিয়ায় নির্মাণকাজ ও ঝুঁকিপূর্ণ কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।












