বাড়বকুণ্ডে ২৬ বছর আগে দোকানিকে গুলি করে হত্যায় একজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় ২৬ বছর আগে এক মুদি দোকানদারকে গুলি করে খুনের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদীন সীতাকুণ্ডের দক্ষিণ মাহমুদাবাদ এলাকার ফরিদ আহম্মদের ছেলে। ট্রাইব্যুনালের পিপি এস ইউএম নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।

আদালতসূত্র জানায়, ১৯৯৯ সালের ১৩ অক্টোবর সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় মুদি দোকানদার মো. বেলালকে গুলি করে হত্যার ঘটনাটি ঘটে। এ ঘটনায় তার ভাই মো. সহিদ বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি চার্জশিট দাখিল করলে একই বছরের ১৭ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। আদালতসূত্র আরো জানায়, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি নুরুন্নবীকে খালাস দিয়েছেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধআয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে
পরবর্তী নিবন্ধসেমির স্বপ্ন জিইয়ে রাখল ভারত, জিম্বাবুয়ের বিদায়