ফটিকছড়িতে চলন্ত মাহিন্দ্রা ট্রাক থেকে পড়ে ছাতা তুলতে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে তোহা (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে পূর্ব ফটিকছড়ির চেইঙ্গের বিল এলাকার পুরাতন স্লুইসগেটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোহা ভূজপুর ৯ নম্বর ওয়ার্ডের টিলা পাড়া গ্রামের আব্দুর রহমান বৈদ্দুর বাড়ির কোরবান আলীর ছেলে ও স্থানীয় একটি হেফজখানার ছাত্র ছিল। সকালে বাবার সঙ্গে ট্রাকে করে বিলে যাচ্ছিল সে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তোহা তার বাবার সঙ্গে একটি চলন্ত মাহিন্দ্রা ট্রাকে ছিল। চেইঙ্গের বিলের পুরাতন স্লুইসগেটের দক্ষিণ পাশে পৌঁছালে হঠাৎ তার হাত থেকে একটি ছাতা নিচে পড়ে যায়। চলন্ত গাড়ি থেকে সেই ছাতা তুলতে গেলে সে গাড়ির নিচে চাকার অংশে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মুসলিম মেম্বার বলেন, চলন্ত ট্রাক থেকে পড়ে যাওয়া ছাতা তুলতে গিয়ে শিশুটি চাকার নিচে পিষ্ট হয়। পরে সে মারা যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।











