বান্দরবানে ৫ এপ্রিল শুরু হচ্ছে ‘মাহা সাংগ্রাইং পোয়ে’

র‌্যালি ও জলকেলিসহ নানা আয়োজন

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব ‘মাহা সাংগ্রাইং পোয়ে’ আগামী ৫ এপ্রিল থেকে বান্দরবানে শুরু হতে যাচ্ছে। গতকাল বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের কর্মসূচি অনুযায়ী ৫ এপ্রিল থেকে ঐতিহ্যবাহী রাজার মাঠে প্রতিদিন বিকেল ৩টায় ‘সাংগ্রাইং ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু হবে। এরপর ১৩ এপ্রিল সকাল ৭টায় রাজার মাঠ থেকে বের করা হবে বর্ণাঢ্য সাংগ্রাইং র‌্যালি। একই দিন সকাল ১০টায় কেএসআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বয়োজ্যেষ্ঠ পূজা। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি সন্ধ্যায় রাজার মাঠে আয়োজন করা হবে ঐতিহ্যবাহী পিঠা উৎসব। উৎসবের অন্যতম আকর্ষণ মৈত্রীময় পানি বর্ষণ, লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ এপ্রিল। এর মাধ্যমেই সমাপ্তি ঘটবে এবারের উৎসবের।

উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমা বলেন, সাংগ্রাইং পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী সামাজিক উৎসব। প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে এ আয়োজন করা হয়েছে। উৎসব সফল করতে স্থানীয় প্রশাসন, গণমাধ্যমসহ সকল শ্রেণিপেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাংগ্রাই উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উক্যসিং মারমা এবং পৌরসভার সাবেক কাউন্সিলর থুইসিং প্রু লুবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধমহামুনিতে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধখায়রুন নেছা খানম