বাঁশখালী উপজেলার পূর্বাঞ্চলের পাহাড় থেকে একটি দলছুট বন্য হাতি লোকালয়ে নেমে এসে আতঙ্কের সৃষ্টি করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার প্রধান সড়কের পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকায় হাতিটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় স্থানীয় বাসিন্দা ও সড়কে চলাচলকারী যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে অনেককে দিগ্বিদিক ছুটতে দেখা যায়।
পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ আহমদ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদককে বলেন, জনগণের সহযোগিতায় হাতিটিকে উত্তর দিকে পাহাড়ে পাঠানো হয়েছে। তবে এর আগের রাত ৩টার দিকে হাতির সামনে পড়ে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলেও জানান তিনি।
এর আগে বুধবার বৈলছড়ির পাহাড়ে ক্ষতিগ্রস্ত মানুষের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্বেচ্ছাসেবী মো. নজরুল ইসলামসহ আরও কয়েকজন হাতির সামনে পড়ে যান বলে জানান। স্থানীয়দের দাবি, বন্যার ফলে পাহাড়ি এলাকার অধিকাংশ খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাওয়ায় খাবারের সন্ধানে হাতিগুলো লোকালয়ে নেমে আসছে।












