বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতার ৭ বছর

নিহত ও আহতের পরিবারের সদস্যদের কর্মসংস্থান দাবি

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে উপজেলা সদরে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে নির্বাচনী কর্মকর্তাসহ ৮ জন নিহত ও ৩২ জন আহত হন। এ ঘটনার সাত বছরেও বিচার না হওয়া, সরকারের দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হতাশা ও ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি করেছে।

গতকাল বুধবার সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করেন নিহত ও আহত পরিবারের স্বজনরা। মানববন্ধনে নির্বাচনী সহিংসতায় আহত ও নিহত পরিবার পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সদস্য মাহমুদুল হাসান সোহাগ, আহত ব্যক্তি হুমায়ুন রশিদসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আলোচিত এই হত্যাকাণ্ডের সাত বছর পেরিয়ে গেলেও এখনো ধরা পড়েনি ঘটনার মূল হোতারা। গুলিবিদ্ধ হয়ে আহতরা কেউ ভালো নেই। তাদের পুনরায় উন্নত চিকিৎসা ব্যবস্থা করা দরকার। সে সময় সরকারের পক্ষ থেকে নানান প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো পুনর্বাসনের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। একই সঙ্গে নিহত ও আহত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো তা হয়নি।

সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না হলে প্রয়োজনে উচ্চ আদালতে গিয়ে মামলা ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধন শেষে নিহত ও আহত পরিবারের স্বজনরা বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ৫শ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
পরবর্তী নিবন্ধচিটাগাং পোর্ট সার্ভিস প্রোভাইডার্স কো-অর্ডিনেশন সেলের পরিদর্শন কার্যক্রম