বাইকে পিকআপের ধাক্কা, প্রাণ গেল খতিব ও মুয়াজ্জিনের

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৭:১৪ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে জোরারগঞ্জ এলাকায় মোটরসাইকেলে একটি বেপরোয়া পিকআপের ধাক্কায় প্রাণ হারিয়েছেন একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকার পুরাতন ঢাকাচট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে বারইয়াহাট থেকে পুরাতন মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন মঘাদিয়ার খতিব জহির উদ্দিন ও মুয়াজ্জিন জয়নাল আবেদিন। জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাফায়াত হোসেন বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষানিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। বিষয়টি পুলিশ ও স্বজনদের জানানো হয়েছে। নিহত খতিব জহির উদ্দিন (৫২) উপজেলার মঘাদিয়া ইউনিয়নের দরগাপাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে এবং মুয়াজ্জিন জয়নাল আবেদীন (৩৫) উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে। দুজনই মঘাদিয়া দরগাহপাড়া মসজিদের খতিব ও মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, এমন দুর্ঘটনা খুবই মর্মান্তিক। ঘাতক মাছের গাড়িটি আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাইক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সকল আইনি পদক্ষেপ নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাট কাঁচাবাজারে ছয় দোকানকে জরিমানা
পরবর্তী নিবন্ধস্ত্রী-শাশুড়িকে হত্যার পর সন্তানকে নিয়ে গেলেন থানায়, বললেন ‘মার্ডার করছি’