বাঁশখালীর শীলকূপে অগ্নিকাণ্ড, নিঃস্ব ৭ পরিবার

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি পরিবার নিঃস্ব হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫/৩০ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ধারণা করছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ঘটিকার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন আনু মিয়ার ছেলে ফোরকানের বাড়ি, হাবিবুর রহমানের ছেলে নুর মোহাম্মদ এর বাড়ি, এয়াকুব আলীর ছেলে আবু তাহের এর বাড়ি, লেদু মিয়ার ছেলে আব্দু ছবুরের বাড়ি , রশিদ আহমদের ছেলে টিপুর বাড়ি, মৃত বদি আলমের স্ত্রী নাছিমা বেগম এবং বেলায়েত আলীর ছেলে রশিদ আহমদের বাড়ির মালামাল।

স্থানীয় ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়,আবু তাহেরের বসতঘরের শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের টিমের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।স্থানীয়দের সহযোগিতায় পাশের একাধিক পরিবারকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করা গেছে। শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাশেদ নুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন,ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অত্যন্ত অসহায়। তারা দিনমজুর ও শ্রমিক হিসেবে কাজ করে কোনোমতে জীবিকা নির্বাহ করতেন। আগুনে তাদের সব সহায়সম্বল পুড়ে গেছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তিনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি খাদ্য, বস্ত্র ও বাসস্থানের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন বলে স্থানীয়রা জানান।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির পাইন্দং পাটিয়াল খাল পুনঃখনন কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধপ্রবর্তক কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব