বাঁশখালী উপকূলজুড়ে স্থায়ী বেড়িবাঁধ, নাকি মেরিন ড্রাইভ, শিল্পাঞ্চল নাকি পর্যটন স্পট তা নিয়ে চলছে নানা আলোচনা। সম্প্রতি বাঁশখালীর উপকূলীয় বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায় প্রধানমন্ত্রীর সমাবেশ, শিল্পাঞ্চল করার ইঙ্গিত এবং পর্যটন স্পর্টে রুপান্তর করার দাবিকে সামনে রেখে এসব প্রশ্ন ঘুরপাক খেলেও স্থানীয় জনগণ স্থায়ী বেড়িবাঁধ চায় সবার আগে!
এদিকে বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধের জন্য ৪৯৮ কোটি ২৯ লাখ টাকা বরাদ্দের কাজ চলমান রয়েছে। তাতে বাহারছড়া, ছনুয়া, সাধনপুর, খানখানাবাদ চার ইউনিয়নে ৬ দশমিক ২১০ কিলোমিটার সমুদ্র তীর প্রতিরক্ষার কাজ আর সাঙ্গু মোহনায় ১৩০০ মিটার পুরোনো বাঁধ শক্তিশালী (সংস্কার) কাজ করা হচ্ছে। এরই মধ্যে প্রলয়ংকরী বন্যায় বেশ কয়েক জায়গায় নতুন করে ভাঙন এবং বন্যার পানি নিষ্কাষনের জন্য কিছু জায়গায় বেড়িবাঁধ কেটে দিয়ে পানি অপসারণ করা হয়েছে। একদিকে বাঁধ সংস্কারের কাজ অপরদিকে বন্যার পানি নিষ্কাশনে বাঁধ কেটে পানি অপসারণ সব মিলিয়ে লেজে গোবরে অবস্থা উপকূলীয় বেড়িবাঁধের কাজে। উপকূলের জনগণের মতে বেড়িবাঁধের স্থায়িত্ব করতে বেড়িবাঁধ সংস্কারের পাশাপাশি ঝাউবাগান করলে সুফল পাবে জনগণ।
বাঁশখালী পানি উন্নয়ন উপ–বিভাগের উপ–বিভাগীয় প্রকৌশলী অনুপম পাল বলেন, বাঁশখালীর ছনুয়া, গন্ডামারা, সরল, বাহারছড়া, খানাখানাবাদ ও সাধনপুর এলাকায় বর্তমানে তাদের কাজ চলমান রয়েছে। তবে সাম্প্রতিক বন্যায় বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। উপকূলজুড়ে চলমান কাজ যথাসময়ে শেষ করার জন্য তাদের নজরদারি রয়েছে, তবে সেখানে বন্যাসহ নানা কারণে প্রতিবদ্ধকতা রয়েছে।
উপকুলীয় বাহারছড়া এলাকার বাসিন্দা সমাজকর্মী মো: জালাল উদ্দিন চৌধুরী বলেন, উপকূল রক্ষায় ঝাউবাগানের অবদান অপরিসীম। এটি জলোচ্ছ্বাস এবং বাতাসের গতিবেগ অনেকাংশে কমিয়ে দেয়। তবে ঝাউগাছের গোড়া খুব একটা শক্ত না হওয়ায় তা বালু ধরে রাখতে পারে না; ফলে জোয়ার ও পানির তীব্র আঘাতে সহজেই উপড়ে বা ভেঙে পড়ে। ঝাউবাগানের স্থায়িত্ব রক্ষা এবং সৈকতের ভাঙন পুরোপুরি রোধ করতে এর পাশাপাশি ম্যানগ্রোভ বন গড়ে তোলা অত্যন্ত জরুরি। হাজার কোটি টাকা খরচ করে বাঁধ দিয়েও যা সম্ভব হয় না, তা এই প্রাকৃতিক বনায়নের মাধ্যমে অর্জন করা সম্ভব।
এদিকে উপকূল সুরক্ষায় ঝাউবন ও ম্যানগ্রোভ বনের গুরুপ্ত অপরিসীম উল্লেখ করে উপকূলীয় বনবিট কর্মকর্তা মো: আবুল কালাম বলেন, উপকূলে প্রায় ৫০ হেক্টর ঝাউবন রয়েছে। তিনি উপকূলজুড়ে ঝাউবাগান ও ম্যানগ্রোভ বাগানের গুরুপ্ত আরোপ করেন।












