বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ ব্যবসায়ীকে জরিমানা

| শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

পবিত্র রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে বাঁশখালীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বৈলছড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। খবর বাসসের।

অভিযানকালে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা এবং ক্রয়ের রশিদ সংরক্ষণে ব্যর্থতার অভিযোগে ৭ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ক্রেতাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হবে। অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে যানজট নিরসনে মোবাইল কোর্ট, অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধমাওলানা মুহাম্মদুল্লাহ ফিরোজ ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন