বাঁশখালীর সাগর উপকূলের ছনুয়া এলাকায় অবৈধ ট্রলিং যন্ত্রাংশ ব্যবহার করে মৎস্য আহরণের অভিযোগে একটি ট্রলিং বোট জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড। গতকাল শুক্রবার পরিচালিত এ যৌথ অভিযানে চারটি অবৈধ ট্রলিং জাল জব্দ ও ধ্বংস, ২.৭ টন সামুদ্রিক মাছ নিলামে বিক্রি এবং বোটের মালিকের কাছ থেকে ৩ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যায়, বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন, চট্টগ্রামের সমন্বয়ে আর্টিসানাল নৌযানের ট্রলিং যন্ত্রাংশ অপসারণে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার ছনুয়া রাজাখালী ঘাটসংলগ্ন উপকূলে অবৈধ ট্রলিং যন্ত্রাংশসম্বলিত ট্রলিং বোট ‘এফ.বি মায়ের দোয়া–৩৪৩’ জব্দ করা হয়।
জব্দকৃত বোট থেকে চারটি অবৈধ ট্রলিং জাল ও ২.৭ টন সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। ট্রলিং গিয়ারসমূহ ঘটনাস্থলেই কোস্টগার্ড সদস্যরা অপসারণ করেন। পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উদ্ধার করা ২.৭ টন সামুদ্রিক মাছ উন্মুক্ত ডাকের মাধ্যমে ১ লাখ ৬৭ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। অবৈধ ট্রলিং যন্ত্রাংশ ব্যবহার করে সাগরে মৎস্য আহরণ করায় ট্রলিং বোটের মালিকের কাছ থেকে ৩ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন কোস্টগার্ড পূর্ব জোন, চট্টগ্রামের পিও মো. নাছির উল্যাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।











