চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, কোনো বন্যার্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকার ও প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। বন্যায় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে। সবাইকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নলুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ত্রাণের চাল বিতরণকালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শামছুজ্জামান, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সাবেক সভাপতি দিদারুল ইসলাম, সেক্রেটারি আবুল বশর, ইউপি সদস্য মোহাম্মদ আলী, মোজাম্মেল হক, নূর মোহাম্মদ, মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ শহীদুল্লাহ। এদিকে, ঢেমশা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝেও ত্রাণের চাল বিতরণ করেন শাহজাহান চৌধুরীর এমপি।












