বন্যাকবলিত দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ত্রাণ, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। এ সময় তারা সরকারি–বেসরকারি সহায়তায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশের দাঁড়ানোর আহ্বান জানান।
রোটারি ক্লাব এনশিয়েন্ট চিটাগাং : রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার উদ্যোগে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪শ পরিবারের মাঝে গত ২১ জুলাই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল এবং ২ কেজি ভোজ্যতেল প্রদান করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট আনোয়ারুল কবির কামরুল, ক্লাব প্রেসিডেন্ট মো. শাহাদাৎ হোসেন, ভাইস প্রেসিডেন্ট সাবিনা কাইয়ুম এবং জয়েন্ট সেক্রেটারি রোকেয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন নেপাল থেকে আগত বিকাশ এবং ভান্তে মথং। ক্লাবের চার্টার প্রেসিডেন্ট বলেন, মানবসেবাই রোটারির মূল দর্শন।বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্বের অংশ।
লেডিস ক্লাব ও অঙ্গীকার : চট্টগ্রাম লেডিস ক্লাব ও চ্যারিটি ফাউন্ডেশন অঙ্গীকার বাংলাদেশ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। দুই সংগঠনের উদ্যোগে বাঁশখালীর বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। গত ২১ জুলাই বাহারছড়া ইউনিয়নের বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। দুই সংগঠনের প্রতিনিধিরা বলেন, বন্যাকবলিত এসব পরিবারের পাশে সরকারি ও বেসরকারি পর্যায়ে সকলের উচিত এগিয়ে আসা।
সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজ এইচএসসি ৯৩ ব্যাচ : সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজের এইচএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বাঁশখালী ও চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে গতকাল ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণকালে ৯৩ ব্যাচের সদস্যরা উপস্থিত ছিলেন।












