খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ঝড়ের সময় বজ্রপাতে প্রকাশি চাকমা (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা শান্তি বিকাশ চাকমা। গত মঙ্গলবার দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের তারাবন এলাকার রাজ মোহন পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত প্রকাশি চাকমা তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আকস্মিক ঝড়–বৃষ্টির সময় প্রকাশি তার বাবা ও বড় বোনের সঙ্গে ঘরের ভেতরেই ছিল। এ সময় হঠাৎ ঘরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রকাশির মৃত্যু হয়। এতে তার বাবা শান্তি বিকাশ চাকমা আহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর তিনি পেয়েছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ যোগাযোগ করেনি।











