ফের কারাগারে মুজিব পরদেশী

| বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

বেদের মেয়ে জোছনা’ সিনেমার বিখ্যাত গান ‘আমি বন্দি কারাগারে’এর সুরকার শিল্পী মুজিব পরদেশীকে চেক ডিজঅনারের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। খবর বাংলানিউজের।

গতকাল মঙ্গলবার বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ মো. সাদিক আহম্মেদ তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহ আলম মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০০৭ সালের ২১ নভেম্বর আসামি মুজিব পরদেশীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

রায়ে বলা হয়, অর্থদণ্ড থেকে বাদী পাবেন পাঁচ লাখ টাকা এবং অবশিষ্ট তিন লাখ ৮০ হাজার টাকা যাবে রাষ্ট্রীয় কোষাগারে। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৩ সালে মামলার বাদী মজিবুর রহমানের ছোট ভাই মো. সোলায়মান সরদারকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার কথা বলে মুজিব পরদেশী চার লাখ ৪০ হাজার টাকা নেন। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে দুই লাখ ২০ হাজার এবং নগদে আরো দুই লাখ ২০ হাজার টাকা গ্রহণ করা হয়। পরবর্তীতে সোলায়মানকে ইংল্যান্ডে নিয়ে যেতে ব্যর্থ হলে বাদী টাকা ফেরত চান।

তখন মুজিব পরদেশী দুই লাখ ২০ হাজার টাকা করে দুটি চেক দেন। কিন্তু চেক দুটি ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিল মন্তব্যে একাধিকবার ডিজঅনার হয়। ঘটনায় বাদী একাধিকবার আইনি নোটিশ পাঠালেও টাকা পরিশোধ করা হয়নি বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। পরে ২০০৪ সালের ১ জুন মামলা দায়ের করেন মজিবুর রহমান। এতে আরো অভিযোগ করা হয়, মুজিব পরদেশী তার সংগীতশিল্পী হিসেবে পরিচিতিকে কাজে লাগিয়ে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে আরো কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছেন। এর আগে গত ৪ আগস্ট ১০ লাখ টাকার আরেকটি চেক ডিজঅনার মামলায় মুজিব পরদেশীকে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল
পরবর্তী নিবন্ধনতুন সিনেমায় ভাবনা