‘আমি কেমন তুমি জানো’ শিরোনামটির মধ্যেই যেন এক অদ্ভুত আবেগের আবেদন লুকিয়ে আছে। প্রেমিক প্রেমিকার না বলা অনুভূতি, আকুলতা আর সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েন যেন ধরা দিয়েছে এই নামেই। আসিফ ইকবালের এমন আবেগঘন কথার কণ্ঠ দিয়েছেন কিশোর দাস। যে জুটি, সমপ্রতি ‘হৃদয় দিয়ে ভালোবাসে যারা’ এবং ‘সবটা জুড়ে তুমি’ নামের দুটো গান করে প্রায় সব মহলে প্রশংসা কুড়িয়েছেন। আগামী ১৭ মার্চ এই জুটির নতুন গানচিত্রটি প্রকাশ পাবে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।
রোমান্টিকতার সঙ্গে হালকা হাহাকার মেশানো আবহে নির্মিত গানটির সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ এবং সুর করেছেন অমিত চ্যাটার্জি। গানের আবেগের সঙ্গে মিল রেখে এর ভিডিও দৃশ্যধারণ করা হয়েছে প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা রাঙামাটিতে। মনোরম লোকেশনজুড়ে নির্মিত হয়েছে পুরো ভিডিও। এতে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও স্বর্ণালি চৈতী। ভিডিওটি পরিচালনা করেছেন মোহাম্মদ আলী। গানটি নিয়ে কিশোর দাস বলেন, গানটি হয়ে ওঠার পেছনে মূল কৃতিত্ব অবশ্যই আসিফ ইকবাল ভাইয়ের। তিনি অসাধারণ একটি লিরিক লিখেছেন। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ আসিফ ভাইয়ের প্রিয় কিছু গান গাওয়ার সুযোগ পেয়েছি।
এর মধ্যে রয়েছে ‘হৃদয় দিয়ে ভালোবাসে যারা’ এবং ‘সবটা জুড়ে তুমি’। এবার করলাম ‘আমি কেমন তুমি জানো’। গানটি তৈরি হওয়ার পেছনে মানাম আহমেদ ভাইয়েরও বড় ভূমিকা রয়েছে। আমরা প্রায় আট থেকে দশ দিন একসঙ্গে কাজ করেছি। গানটির মধ্যে যেমন এক ধরনের শান্তি আছে, তেমনি আছে একটুখানি হাহাকার এবং না বলা কিছু অনুভূতি। গানটি নিয়ে আশাবাদী গীতিকার আসিফ ইকবালও। তিনি বলেন, শিরোনাম থেকেই বোঝা যায় গানটিতে প্রেম, হাহাকার এবং না বলা কিছু অনুভূতির কথা আছে। সেই আবেগটাই কথার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। কিশোর দারুণ গেয়েছে, মানাম আহমেদ অসাধারণ সংগীত করেছেন এবং অমিত চ্যাটার্জিও খুব সুন্দর সুর দিয়েছেন।
সব মিলিয়ে গানটি নান্দনিক হয়ে উঠেছে বলে মনে করি। ভিডিও নির্মাতা মোহাম্মদ আলীর ভাষ্য, গানটির কথা, সুর ও গায়কীর যে আবেগ তা দৃশ্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। চরিত্রগুলোর বিষাদময় অনুভূতিকে রাঙামাটির নিসর্গের সঙ্গে মিলিয়ে দেখানো হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।












