ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের ২৮ বছর পূর্তি ও ২৯ তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে দুদিনের আয়োজনে গত ১৭ জুলাই দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে। লেবানিজ নাট্যকার ওয়াজদী মৌয়াদের বিখ্যাত দুটো নাটক ‘খোঁজ’ ও ‘দগ্ধা’ র অনুবাদকৃত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। নাটক দুটোর অনুবাদ করেন অসীম দাশ, কমল বড়ুয়া ও ভার্ণিকা অন্বেষা দাশ। ইতোপূর্বে ফেইম নাট্যকলা বিভাগ আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের সহযোগিতায় নাটক দুটো মঞ্চে আনে ২০২৩ ও ২০২৪ সালে। আলিয়ঁস ফ্রঁসেজ চটগ্রাম ও খড়িমাটির যৌথ উদ্যোগে বই দুটো প্রকাশিত হয়। এ আয়োজনে অতিথি ছিলেন কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন, নাট্যজন শিশির দত্ত, নাট্যজন অভীক ওসমান, লেখক ও অনুবাদক আলম খোরশেদ, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ব্রুণো লাক্রাম্প ও সহপরিচালক ড. গুরুপদ চক্রবর্তী এবং খড়িমাটির কর্ণধার মনিরুল মনির। আবুল মোমেন বলেন, আমরা এক অদ্ভূত ইতিহাস বিস্মৃত জাতি হিসেবে নিজেদের আবির্ভূত করে চলেছি দিনদিন, অস্বীকার করে চলেছি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস। তবে সংস্কৃতি ও সৃষ্টিশীলতা দিয়েই টিকে থাকতে ও টিকিয়ে রাখতে হবে সমাজ ও দেশ।ফেইম মানসম্পন্ন কাজের মাধ্যমে এ শহরে সৃষ্টিশীল চর্চা করে যাচ্ছে এও আমাদের জন্য গর্বের। ফেইম, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম ও ফরাসি দূতাবাসের ২৫ বছরের যুথবদ্ধ পথচলায় এদিন ফেইমের পরিচালক অসীম দাশ সম্মাননা তুলে দেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ব্রুণো লাক্রাম্প ও সহপরিচালক ড. গুরুপদ চক্রবর্তীর হাতে। এর আগে মঞ্চে পরিবেশিত হয় নাটক প্রতীক্ষা অন্তহীন…। দ্বিতীয় দিন গতকাল শনিবার নাটক ‘প্রতীক্ষা অন্তহীন…’ এর মঞ্চায়ন হয় এবং মো. নোমান চৌধুরীকে শুভেচ্ছা স্বারক তুলে দেয়া হয়। দুদিনই ল্যাবরটরি হলে ফেইম প্রযোজনা সমূহের ছবি, পোস্টার, কস্টিউম, সেট ও প্রপসের প্রদর্শিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












