ফিরে এসে মা দেখলেন, পুকুরে ভাসছে শিশুর মরদেহ

চন্দনাইশে দুই দিনে দুই শিশুর মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চন্দনাইশে পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার উপজেলার বরকল ইউনিয়ন এবং দোহাজারী পৌরসভায় এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো আলামিন উদ্দিন নাহিয়ান () ও মোহাম্মদ আলিফ ()

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাসির মোহাম্মদ পাড়ায় পানিতে ডুবে মৃত্যু হয় শিশু নাহিয়ানের। সে ওই এলাকার ফুল ব্যবসায়ী মো. বেলাল উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে মা নাহিয়ানকে গোসল করিয়ে ভেজা কাপড় শুকাতে দিতে যান। এ সময় নাহিয়ান উঠানে খেলা করছিল। কাপড় দিয়ে ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। নাহিয়ানের চাচা মো. মিজান জানান, তাকে উদ্ধার করে দ্রুত দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গত বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বরকল ইউনিয়নের মধ্য কানাইমাদারী এলাকায় একই ধরনের ঘটনায় প্রাণ হারায় ৫ বছর বয়সী মোহাম্মদ আলিফ। সে ওই এলাকার মোহাম্মদ আলাউদ্দীনের ছেলে।

পরিবার জানায়, বুধবার বেলা ১১টা থেকে আলিফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল ৪টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে নিশ্চিত করেন।

মাত্র দুই দিনের ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে দোহাজারী পৌরসভা ও বরকল ইউনিয়ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবেদন জমা দিতে ৭ দিন সময় পেল সিআইডি
পরবর্তী নিবন্ধ৪১৩৬ জনকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ