ভিয়েতনামের কাছে প্রীতি ম্যাচে ৩–০ গোলে হেরে বাংলাদেশ ফুটবল দল দুঃসংবাদ পেয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। হালনাগাদ করা নতুন তালিকায় এক ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮১ নম্বরে। অন্যদিকে বাংলাদেশকে হারানো ভিয়েতনাম পাঁচ ধাপ এগিয়ে ১০৩ নম্বরে উঠেছে। গতকাল প্রকাশিত হালনাগাদ ফিফা র্যাঙ্কিংয়ে দলগুলোর এই উত্থান–পতন দেখা গেছে। র্যাঙ্কিংয়ে ওঠানামা দেখেছে শীর্ষ দশের কয়েকটি দলও। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ধাপ পিছিয়ে ৩ নম্বরে নেমেছে। গতকাল ভোরে ফিফা প্রীতি ম্যাচে ১১৫ নম্বরধারী মৌরিতানিয়াকে ২–১ গোলে হারালেও লিওনেল মেসিদের পয়েন্ট খুব একটা বাড়েনি। আর্জেন্টিনাকে টপকে দুইয়ে উঠেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এ সপ্তাহে ব্রাজিলকে ২–১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। তবে শেষ ৫ ম্যাচের ৪টিতেই জেতা স্পেন যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে।












