ফটিকছড়ির পাইন্দং পাটিয়াল খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। খাল খনন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সবুজবাগ গ্রামে এক সভার আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই খাল খনন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্পোরেশনের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাল খনন কাজের উদ্যোক্তা, সাবেক ব্যাংকার জসিম উদ্দীন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বিএডিসির সিনিয়র সহকারী প্রকৌশলী তমাল দাস। উদ্বোধক ছিলেন পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছরওয়ার হোসেন স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএডিসির সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিপন চাকমা, ব্যাংকার নাজিম উদ্দীন, মঈন উদ্দীন মনজুর, পাইন্দং ইউনিয়ন যুবদলের সভাপতি জসিম উদ্দিন, জামায়াত ইসলামির সভাপতি এরশাদ উল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অবসরকালীন জীবনে সামাজিক দায়বদ্ধতা থেকে আমার প্রিয় জন্মভূমির উন্নয়নে ও মানবিক সেবায় নিয়োজিত রাখতে চাই। শৈশব থেকে দেখে আসছি এই খালটি ভরাট হয়ে গ্রামের পানি নিষ্কাশনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। যার ফলে বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতে বন্যা হয় ও শুষ্ক মৌষুমে পানি শুকিয়ে যাওয়ার ফলে এলাকার কৃষি কাজের ব্যাঘাত ঘটে। এলাকাবাসীর আবেদনে আমি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাথে যোগাযোগ করলে আমার আবেদনের প্রেক্ষিতে সাড়া দিয়ে দ্রুততম সময়ে এই মরা খালটি পুনরায় খনন করার উদ্যেগ গ্রহণ করেন।








