ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে গহিরা–হেঁয়াকো সড়কের দাঁতমারা ইউপির নন্দীর স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক মো. জসিম। নিহত ব্যবসায়ী আব্দুল মতিন (৪০) নারায়ণহাট ইউপির ৬ নং ওয়ার্ড চাঁনপুর হাজির বাড়ির মো. ইসহাকের ছেলে। তিনি নারায়ণহাট বাজারের মতিন বেকারির স্বত্বাধিকারী। অন্যদিকে আহত মোটরসাইকেল চালক জসিম একই গ্রামের বাসিন্দা। তিনি নিহতের মামাতো ভাই।
নিহতের স্বজন শহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার মতিনের ভাতিজিকে পাশের এলাকা শান্তিহাটে বিয়ে দেন। গতকাল সেখানে দাওয়াতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আলতাব উদ্দিন বলেন, ব্যবসায়ী মতিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বেসরকারি একটি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সেখান থেকে চমকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অঙিজেন এলাকায় গেলে তার মৃত্যু হয়। এতে মোটরসাইকেল চালক মো. জসিম মাথায় আঘাত পান।







