প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের উদ্যোগে এমএসএস পঞ্চম ব্যাচ এবং বিএসএস ষষ্ঠ ও সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত বৃহস্পতিবার দামপাড়াস্থ প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের চেয়ারম্যান উম্মে সালমা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী ও প্রক্টরিয়াল বডির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী তাহামিনা আক্তার ও মঈনুল হাসান মাহিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মাস্টার্সের শিক্ষার্থী মরিয়ম কোরাইশী ও অনার্সের শিক্ষার্থী মঈনুল হাসান মাহিন। এ সময় বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেওয়া মানে জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি নয়, বরং নতুন জীবনের সূচনা। আত্মবিশ্বাস, ইতিবাচক মনোভাব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্যে পৌঁছাতে হবে। প্রত্যেক মানুষের যোগ্যতা ও দক্ষতা আলাদা উল্লেখ করে তিনি পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সফলতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, পরিবেশ ও সুনাম বৃদ্ধিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও মূল্যবোধ বাস্তব জীবনে কাজে লাগিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জন্য গৌরব বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন। ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, শিক্ষাজীবন শেষে বাস্তব জীবনে প্রবেশের সময়টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে অর্জিত নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও যোগাযোগের দক্ষতা কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়নের গুরুত্ব বিবেচনায় শিক্ষার্থীদের সততা, পরিশ্রম, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধি হিসেবে নিজেদের আচরণ ও কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা, প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং পরিবার ও দেশের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।












